ভারত থেকে আমদানি করা ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে এসে পৌঁছেছে। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ৩টার দিকে ভারতের গেদে চেকপোস্ট হয়ে কোচগুলো বাংলাদেশে প্রবেশ করে। নতুন এসব কোচ যুক্ত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেলযাত্রীদের সেবার মান বাড়বে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মামুনুর রশিদ জানান, গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালা এলাকা থেকে কোচগুলো পাঠানো হয়। ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন ও গেদে চেকপোস্টে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার কোচগুলো দর্শনা রেলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। দর্শনায় কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে এগুলো সৈয়দপুরে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব কারখানায় নেওয়া হবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ভারতের রাইটস লিমিটেডের মাধ্যমে এসব ব্রডগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহ করছে বাংলাদেশ। দুই দেশের মধ্যে মোট ২০০টি ব্রডগেজ রেলকোচ সরবরাহের চুক্তির আওতায় প্রথম চালানে এসেছে ১৮টি কোচ।
এসব কোচের মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার, তিনটি এসি চেয়ার, দুটি এসি স্লিপার ও দুটি এসি পাওয়ার কার। পাওয়ার কারগুলোতে গার্ডদের জন্য পৃথক কামরা এবং সাধারণ যাত্রীদের মালামাল ও লাগেজ রাখার নির্দিষ্ট জায়গা রয়েছে।
রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা রবিউল ইসলাম জানান, শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে ১৮টি ব্রডগেজ কোচ দর্শনা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। নতুন কোচগুলো যুক্ত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেলযাত্রীদের সেবার পরিধি বাড়বে এবং রেলওয়ের আয় বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।