সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় জেলা পুলিশ সুপারের দেওয়া ২৩ দফা নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন।
আজ মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গোৎসব। উৎসব ঘিরে পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় পূজামণ্ডপে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা, অগ্নিনির্বাপণ যন্ত্র ও বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখা, বৈদ্যুতিক সংযোগ নিরাপদ করা এবং স্বেচ্ছাসেবক ও আনসার সদস্যদের পালাক্রমে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবকদের নাম ও মোবাইল নম্বর থানায় জমা দিতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত পুলিশকে জানাতে বলা হয়েছে।
এ ছাড়া বিরোধপূর্ণ স্থানে মণ্ডপ স্থাপন না করা, মণ্ডপের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যানজট এড়াতে রাস্তার ওপর গাড়ি পার্কিং বন্ধ রাখা এবং মাদক ও জুয়ার আসর প্রতিরোধের নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে। বিসর্জনের সময় দুর্ঘটনা এড়াতে শিশু ও নারীদের ঘাটে নেওয়া থেকে বিরত থাকতে হবে। আজান ও নামাজের সময় শব্দযন্ত্র বন্ধ রাখা, মণ্ডপ ও আশপাশ পরিচ্ছন্ন রাখা এবং প্রতিমা বিসর্জনের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন না করার কথাও উল্লেখ রয়েছে।
ওসি মো. আদিল হোসেন পূজা উদ্যাপন কমিটিগুলোকে জেলা পুলিশ সুপারের ২৩ দফা নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছেন।