পটুয়াখালীর দুমকিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অভিযোগে দুই জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার পায়রা নদীতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জসিম হাওলাদার (৪৩) ও মো. হান্নান খান (৩০)। তাঁদের মধ্যে জসিম হাওলাদারকে লেবুখালী এলাকা থেকে এবং হান্নান খানকে বাহেরচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
জসিম হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা। অন্যদিকে হান্নান খান একই উপজেলার নলুয়া এলাকার বাসিন্দা।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অভিযোগে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বাংলাদেশ মৎস্য সুরক্ষা আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।