ফরিদপুরের সদরপুর উপজেলায় মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে রাতভর অভিযান চালিয়ে প্রায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
বুধবার (১৪ অক্টোবর) রাতভর পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন। অভিযানের সার্বিক সমন্বয় করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নদীর বিভিন্ন স্থান থেকে প্রায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ মাছগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরা বন্ধ করা প্রয়োজন। এ লক্ষ্যে মৎস্য বিভাগ নিয়মিত অভিযান ও নজরদারি চালাচ্ছে। ইলিশের প্রজনন মৌসুমে জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানাচ্ছি।
সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন জানান, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার নির্ধারিত সময়ে নদীতে ইলিশ শিকার বন্ধ রাখা জরুরি। মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ মাছ শিকারের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।