প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১৯টি পূজামণ্ডপে চালের বরাদ্দ বাড়ানো হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে আগের ৫০০ কেজির পরিবর্তে এবার ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১১০ জন নারীর হাতে উপহারের শাড়ি তুলে দিয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শনকক্ষে পূজা উদ্যাপন পরিষদ ও পূজা উদ্যাপন ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে সংসদ সদস্য এস এম ফয়সল বলেন, আগে প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হতো। এবার তা বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। উপজেলার ১১৯টি পূজামণ্ডপের জন্য মোট ৭১ টন ৪০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এস এম ফয়সল বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা জরুরি।
পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, মাধবপুর পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন, পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক হীরেশ ভট্টাচার্য, অঞ্জন বণিক, স্বপন রায়সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।