নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় দুই নারীকে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাতে ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নিহত হন। এর কয়েক ঘণ্টা পর মঙ্গলবার ভোরে নিজ বাড়িতে খুন হন ২৪ বছর বয়সী এক গৃহবধূ। দুই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন বন্দর উপজেলার মাহমুদপুর এলাকার মাকসুদা বেগম (৭২) এবং তিনগাঁ উত্তরপাড়া এলাকার সুফিয়া আক্তার নিশি (২৪)।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন মঙ্গলবার এসব তথ্য জানান।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে তিনগাঁ উত্তরপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে সুফিয়া আক্তার নিশির মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
এ ঘটনায় নিশির স্বামী আব্দুল মান্নান ওরফে মনিরকে (২৮) আটক করেছে পুলিশ। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বারুইপাড়া এলাকার শফিকুল ইসলাম বাবুলের ছেলে।
ওসি জামাল উদ্দিনের ভাষ্য, নিশি স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছিলেন। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পুলিশের দাবি, ওই বিরোধের জের ধরে ভোররাতে ছুরি দিয়ে নিশির গলায় আঘাত করে তাকে হত্যা করেন তার স্বামী।
এর আগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাহমুদপুর এলাকায় ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন মাকসুদা বেগম।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, স্থানীয় সাদ্দামের সঙ্গে মাকসুদার ছেলে জজ মিয়ার ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হন মাকসুদা।
পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই ঘটনায় আহত সাদ্দাম রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ওসি জামাল উদ্দিন। তার বয়স ৩৫ বছর। তিনি মাহমুদনগর এলাকার খোকন মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, মাকসুদার মরদেহ দাফনের পর এ ঘটনায় মামলা করা হবে। ওই মামলায় সাদ্দামকে গ্রেপ্তার দেখানো হবে।
কয়েক ঘণ্টার ব্যবধানে একই উপজেলায় দুই নারীর হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। পৃথক দুই ঘটনার আইনগত প্রক্রিয়া নিয়ে কাজ করছে পুলিশ।