মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এতে অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী পরীক্ষার জন্য দীর্ঘ এক বছর অপেক্ষার প্রয়োজন হবে না বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে যারা ফেল করবে, তাদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়া হবে। বছরের পর বছর অকৃতকার্য থাকার বিষয়টি টেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।
শিক্ষামন্ত্রী জানান, পুনরায় পরীক্ষার ফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা সাধারণ শিক্ষাধারায় থাকবে কি না। দ্বিতীয়বারের পরীক্ষাতেও উত্তীর্ণ হতে না পারলে তাদের কারিগরি শিক্ষায় স্থানান্তর করা হবে।
বর্তমান নিয়মে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর আবার পরীক্ষায় বসতে হয়। শিক্ষার্থীরা চাইলে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা সব বিষয়ে পরীক্ষা দিতে পারে। এতে এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণেও শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। পাশাপাশি তাদের শিক্ষাজীবনে পিছিয়ে পড়া ও মানসিক চাপের ঝুঁকি তৈরি হয়।
অকৃতকার্য শিক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষা কমাতে ফল প্রকাশের তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা চালুর দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা।
গত শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান আয়োজিত অকৃতকার্য শিক্ষার্থীদের সম্মেলনেও এ দাবি ওঠে। সেখানে শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন।
ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছিলেন, এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে শুধু ওই বিষয়গুলোতে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে। তবে এসএসসিতে এবারই এ ব্যবস্থা চালু করা কঠিন হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
সোমবার শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তিন মাসের মধ্যে অকৃতকার্য বিষয়ে পুনরায় পরীক্ষা নেওয়া সম্ভব। তবে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে এ বছরই এ ব্যবস্থা চালু করা সম্ভব নয়; পরবর্তী বছর থেকে তা কার্যকর করা যেতে পারে বলে মত দেয় বোর্ডগুলো। এইচএসসি ও সমমানের পরীক্ষার ক্ষেত্রে চলতি বছরই এ ধরনের পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে বলেও জানানো হয়।
এরপর শিক্ষামন্ত্রী সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য এসএসসি পরীক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার কথা জানান।
শিক্ষাবিদ এবং শিক্ষা বোর্ডের বর্তমান ও সাবেক চেয়ারম্যানদের মতে, সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে বোর্ডগুলোর পক্ষে এ ধরনের পরীক্ষা আয়োজন সম্ভব। এতে শিক্ষার্থীদের এক বছর অপেক্ষার চাপ কমবে। পাশাপাশি নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের একসঙ্গে পরীক্ষা নেওয়া, প্রশ্নপত্র তৈরি ও বিতরণের মতো জটিলতাও কমতে পারে।