
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মন্ত্রী সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌঁছে বিভিন্ন বিভাগের মেরামত ও উৎপাদন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম।
পরিদর্শনের শুরুতে মন্ত্রী কারখানার ক্যারেজ শপ ঘুরে দেখেন। সেখানে মেরামতাধীন ৭৩১৭ নম্বর বিজি কোচের ওপর উঠে জানালার কাজ পর্যবেক্ষণ করেন। এ সময় জানালার ফ্রেমে ব্যবহৃত পাতলা অ্যালুমিনিয়াম পাত ও কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে ক্ষোভ জানিয়ে রেলের সব ধরনের মেরামতকাজ ও খুচরা যন্ত্রাংশের গুণগত মান নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেন।
পরে মন্ত্রী ক্যারেজ শপ থেকে সেলুন কার, বগি শপ ও পেইন্ট শপ পরিদর্শন করেন। এরপর চিফ মেকানিক্যাল ওয়ার্কশপ (সিএমডব্লিউ) বিভাগে গিয়ে কোচের চাকায় টায়ার পরানোর প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। সবশেষে ফাউন্ড্রি শপ ঘুরে দেখেন তিনি। সেখানে গলিত লোহা ব্যবহার করে ট্রেনের বিভিন্ন ছোটখাটো খুচরা যন্ত্রাংশ তৈরির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, রেলের আধুনিকায়ন ও যাত্রীসেবার মান উন্নয়নে সৈয়দপুর রেলওয়ে কারখানার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেরামত ও পুনর্নির্মাণের কাজে কোনো ধরনের অবহেলা কিংবা নিম্নমানের উপকরণ ব্যবহার বরদাশত করা হবে না।