গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে করতোয়া নদীতে বসতে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের আসর। বাঙালির লোকসংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আগামী ১৭ অক্টোবর (শনিবার) নলডাঙ্গা-সংলগ্ন করতোয়া নদীতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে আটটি নৌকা দলগতভাবে অংশ নেবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। এর অংশ হিসেবে পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়ন ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের যৌথ উদ্যোগে ‘৭১ বিজয়’ নৌকা বাইচের ৮০ ফুট দীর্ঘ একটি নৌকার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সারোয়ার, ‘৭১ বিজয়’ নৌকা বাইচের সভাপতি শাফিউল, কিশোরগাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উৎসুক জনতা।
নৌকাটির নির্মাণকাজে পাঁচজন কারিগর টানা ১৬ দিন কাজ করেছেন বলে জানিয়েছেন নৌকার মিস্ত্রি। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নৌকাটি তৈরিতে ব্যয় হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা।
আধুনিক প্রযুক্তি ও পরিবর্তিত জীবনযাত্রার প্রভাবে গ্রামবাংলার অনেক ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। এমন পরিস্থিতিতে নৌকা বাইচের আয়োজন স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন এলাকাবাসী।
প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নৌকা বাইচের দিন করতোয়া নদীর পাড়ে দর্শনার্থীদের সমাগম ঘটবে বলে প্রত্যাশা আয়োজকদের।