
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ভাদুরিয়া-দাউদপুর সড়কের জামালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী চালকদের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা সড়কের মাঝখানে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান, একটি ব্যক্তিগত গাড়ি, সবজিবাহী একটি পিকআপ ও মুরগিবাহী একটি গাড়ি আটকা পড়ে।
অভিযোগ রয়েছে, যানবাহনগুলো থামার পর দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত সেগুলোতে হামলা চালায়। এ সময় গাড়িগুলোতে ভাঙচুর এবং চালক ও আরোহীদের জিম্মি করে মালামাল লুট করা হয়। তবে কী পরিমাণ মালামাল লুট হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন। তিনি ঘটনাস্থলের পরিস্থিতি পরিদর্শন করেন এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে ঘটনার বিবরণ নেন।
পুলিশ জানায়, ঘটনার পরপরই তদন্ত ও অভিযান জোরদার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে নুর মোহাম্মদ নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, “ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ করছি। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। এই চক্রের সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এ ঘটনায় রাতের বেলায় ওই সড়কে চলাচলকারী চালক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সড়কে রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।