পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে টানা ছয় দিন বন্ধ থাকার পর রাজবাড়ীর ধাওয়াপাড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেল পৌনে ৪টা থেকে এ নৌপথে স্বাভাবিকভাবে ফেরি চলাচল শুরু হয়। তবে নাব্যতা সংকট থাকায় জরুরি ভিত্তিতে ড্রেজিং করা না হলে যেকোনো সময় আবারও ফেরি চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রবিবার বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ধাওয়াপাড়া ফেরিঘাটের সহব্যবস্থাপক (বাণিজ্য) মো. রবিউল ইসলাম ফেরি চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দীর্ঘ ছয় দিন বন্ধ থাকার পর রোববার সকাল ১১টা ১০ মিনিটে ধাওয়াপাড়া থেকে নাজিরগঞ্জের উদ্দেশে একটি পরীক্ষামূলক ফেরি চালানো হয়। এ সময় নৌপথে নাব্যতা সংকট দেখা দেয়। পরে পরিস্থিতি বিবেচনায় বিকেল পৌনে ৪টা থেকে স্বাভাবিকভাবে ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসির স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এ নৌপথে নাব্যতা সংকট দূর করতে জরুরি ভিত্তিতে ড্রেজিং প্রয়োজন। এ বিষয়ে গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা ড্রেজিং ইউনিটের কাছে চিঠি পাঠানো হয়েছে। দ্রুত ড্রেজিং করা না হলে ফেরি চলাচল পুনরায় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উজান থেকে হঠাৎ প্রবল বেগে পানি নেমে আসায় পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বেড়ে যায়। এতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় গত ৫ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিট থেকে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
ছয় দিন পর ফেরি চলাচল শুরু হওয়ায় এ নৌপথ ব্যবহারকারী যাত্রী ও যানবাহন সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে নাব্যতা সংকটের স্থায়ী সমাধান না হলে আবারও ফেরি চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।