পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন নতুন অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য আলহাজ ফরহাদ হোসেন আজাদ।
নতুন এ অভিযোগ কেন্দ্র চালুর ফলে পাঁচপীর ইউনিয়ন ও আশপাশের এলাকার গ্রাহকদের বিদ্যুৎ-সংক্রান্ত অভিযোগ জানানো এবং প্রয়োজনীয় সেবা গ্রহণ আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির বোদা সাব-জোনাল অফিসের আওতাধীন এ অভিযোগ কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির জেনারেল ম্যানেজার আশরাফুল আলম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিজিএম (কারিগরি) প্রকৌশলী মো. লুৎফুল হাসান সরকার, দেবীগঞ্জের ডিজিএম মাহবুব রহমান এবং এজিএম মো. জয়নুল হক।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচপীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লায়ন, পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু অজয় কুমার রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্টদের আশা, নতুন অভিযোগ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহে সমস্যা, সংযোগ-সংক্রান্ত জটিলতা ও অন্যান্য অভিযোগ দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে পারবেন গ্রাহকেরা। এতে স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ সেবার মান উন্নত হবে।