শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে খুলনা মহানগরীর ৭৭টি পূজামণ্ডপে নগদ আর্থিক অনুদান দিয়েছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। প্রতিটি পূজামণ্ডপকে ১০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
গতকাল নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের হাতে অনুদানের অর্থ তুলে দেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে নজরুল ইসলাম মঞ্জু বলেন, শারদীয় দুর্গাপূজায় খুলনা মহানগরী সব সময় উৎসবমুখর থাকে। নগরবাসীর সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের নিবিড় সম্পর্ক রয়েছে। পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতির মধ্য দিয়ে এ সম্পর্ক গড়ে উঠেছে।
তিনি আরও বলেন, উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা আয়োজনের জন্য সর্বোচ্চ সতর্কতা ও সহযোগিতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন সমস্যা সমাধানে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পৃথক দায়িত্ব দেওয়া হয়েছে।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেসিসির সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান মুরাদ, আরিফুজ্জামান অপু, জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্রকৌশলী সত্যানন্দ দত্ত, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উজ্জ্বল কুমার সাহা এবং শীতলামাতা ঠাকুরাণী মন্দির কমিটির সভাপতি সুজিত সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও পূজামণ্ডপ কমিটির নেতারা।
অনুষ্ঠানে বক্তারা দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।