
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে আটক হয়েছেন আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ও দলটির দিল্লি শাখার প্রধান সৌরভ ভরদ্বাজ।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সিইসির বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে কেজরিওয়ালকে বাধা দেয় পুলিশ। এ সময় তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। একই কর্মসূচিকে ঘিরে সৌরভ ভরদ্বাজকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভের ডাক দেওয়া হয়। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করছেন প্রতিবাদকারীরা। বিক্ষোভ ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার ও ধরপাকড়ের খবর পাওয়া গেছে।