ভারতের রাজধানী নয়াদিল্লির কেন্দ্রস্থলে তরুণ আন্দোলনকারীদের ওপর পুলিশের চড়াও হওয়া ও নির্বিচার গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। কনট প্লেস এলাকায় কর্মরত ২৯ বছর বয়সি পরিচ্ছন্নতাকর্মী সন্তোষ কুমার পুলিশি প্রশাসনিক ব্যবস্থার তীব্র সমালোচনা করে মন্তব্য করেছেন, বর্তমান মোদি সরকারের মনোভাব ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের চেয়েও কঠোর রূপ ধারণ করেছে।
সম্প্রতি নেপাল ও বাংলাদেশে তরুণ বা 'জেন-জি' প্রজন্মের গণআন্দোলনের মুখে ক্ষমতার পরিবর্তনের ঘটনা উল্লেখ করে সন্তোষ কুমার ভারতের নাগরিকদেরও একইভাবে রাজপথে নেমে অধিকার আদায়ের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, পুলিশ যদি রাস্তা থেকে ১০ জনকে আটক করে, তবে কিছুক্ষণের মধ্যে সেখানে ৫০ জন তরুণ এসে যোগ দিচ্ছে। সরকারের এই কঠোর পদক্ষেপ আন্দোলন দমাতে ব্যর্থ হচ্ছে এবং শাসকদল এখন জনরোশের মুখোমুখি হতে ভয় পাচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন যে মোদি সরকারের সময় ঘনিয়ে এসেছে এবং ২০২৯ সালের নির্বাচন পর্যন্ত এই সরকারের টিকে থাকা কঠিন হবে। তাঁর মতে, বাংলাদেশ ও নেপালের ছাত্র-জনতার বিপ্লব থেকে শিক্ষা নিয়ে ভারতবাসীকেও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে নিজেদের অধিকার ফিরিয়ে নিতে হবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাত দিয়ে জানা যায়, নয়াদিল্লির আমজনতার মধ্যে তৈরি হওয়া এই ক্ষোভের মাঝে এখন প্রতিবেশী দেশগুলোর জেন-জি গণআন্দোলনের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে।