টাঙ্গাইলের ধনবাড়ীতে রাতের আঁধারে এক কৃষকের কলাবাগানে হানা দিয়ে প্রায় ২০০টি কলার কাঁদি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে দুই লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মিজানুর রহমান বিপ্লব। কলাগুলো বাজারজাত করার উপযোগী হয়ে উঠেছিল। এমন সময়ে বাগানের কলা কেটে ফেলায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বীরতারা গ্রামের ওই কৃষকের এক বিঘা জমির কলাবাগানে এ ঘটনা ঘটে।
শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, বাগানের বিভিন্ন গাছের কলার কাঁদি কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তারাও ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শনের উদ্যোগ নেন।
ক্ষতিগ্রস্ত কৃষক মিজানুর রহমান বিপ্লব বলেন, অনেক টাকা খরচ করে এক বিঘা জমিতে স্বপ্ন নিয়ে কলার চাষ করেছিলেন। ফলনও ভালো হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে কে বা কারা শত্রুতার জেরে বাগানের প্রায় ২০০টি কলার কাঁদি কেটে ফেলে দেয়। কলাগুলো প্রায় বাজারজাত করার উপযোগী হয়ে উঠেছিল।
তিনি আরও বলেন, এ ঘটনায় তিনি আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়েছেন। দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি কৃষি বিভাগ ও সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন, যাতে আবারও কলার চাষ করে পরিবার নিয়ে স্বাভাবিকভাবে চলতে পারেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম, হাবেল উদ্দিন, নাহিদ আলম শামীম ও আলমগীর হোসেনসহ এলাকাবাসী এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তাঁরা দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন।
ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান মাসুদ বলেন, ঘটনাটি জানার পরপরই বীরতারা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামকে ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শনে পাঠানো হয়েছিল।