সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. করিম মাহমুদ লিমন (কে.এম. লিমন)। উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচন ঘিরে সাংবাদিকদের মধ্যে ছিল প্রাণচাঞ্চল্য।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ ও গণনা শেষে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে সরাসরি ভোট গ্রহণ করা হয়। এতে সভাপতি পদে আবুল হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিনহাজ মির্জা নির্বাচিত হন। অন্যদিকে, সাধারণ সম্পাদকসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন—সহসভাপতি বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিক সরকার, পাঠাগার ও দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুল ইসলাম।
নির্বাচনে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়।
নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের সদস্যরা। পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।