মা ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা কার্যকরের প্রথম দিনেই তৎপর হয়েছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২৬টি চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার ফরিদপুর, দুধল, সরসী ও দুর্গাপাশা ইউনিয়নসংলগ্ন কারখানা এবং তেঁতুলিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল ও সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল। অভিযানে সার্বিক সহযোগিতা করে বাকেরগঞ্জ থানা-পুলিশের একটি দল।
সরকারি নির্দেশনা অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন ও মজুত নিষিদ্ধ রয়েছে। মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা কার্যকর রাখতে প্রথম দিন থেকেই মাঠপর্যায়ে অভিযান জোরদার করেছে উপজেলা প্রশাসন। অবৈধ জাল জব্দ ও ধ্বংসের পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।