ব্রাদার্সকে উড়িয়ে ফর্টিসের ৬ গোলের উৎসব

ক্রীড়া ডেস্ক

খেলা

একসময় আবাহনী-মোহামেডানের সঙ্গে পাল্লা দেওয়া ব্রাদার্স ইউনিয়ন এখন যেন নিজেদের ছায়া। সেই ব্রাদার্সকে মাঠে দাঁড়াতেই দিল না ফর্টিস এফসি। শুক্রবার

2026-10-09T18:30:43+00:00
2026-10-09T18:30:43+00:00
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
 
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
খেলা
ব্রাদার্সকে উড়িয়ে ফর্টিসের ৬ গোলের উৎসব
ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৬:৩০ পিএম 
সংগৃহীত ছবি
একসময় আবাহনী-মোহামেডানের সঙ্গে পাল্লা দেওয়া ব্রাদার্স ইউনিয়ন এখন যেন নিজেদের ছায়া। সেই ব্রাদার্সকে মাঠে দাঁড়াতেই দিল না ফর্টিস এফসি। শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচে গোপালগঞ্জে কমলা জার্সিধারীদের ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ফর্টিস। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর একের পর এক আক্রমণে ব্রাদার্সের রক্ষণ ভেঙে ছয়বার জালের দেখা পায় তারা।

ফর্টিসের কাছে এটি শুধু বড় জয় নয়, চলতি লিগে গোলবন্যার আরেকটি প্রদর্শনী। তিন ম্যাচের মধ্যে দুটিতেই প্রতিপক্ষের জালে ছয়টি করে গোল দিয়েছে দলটি। এর আগে চট্টগ্রাম সিটি এফসিকে ৬-০ গোলে হারিয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে সিটি ক্লাবের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে ফর্টিস। এবার ব্রাদার্সকে ছয় গোল দিয়ে তিন ম্যাচে তাদের মোট গোলসংখ্যা দাঁড়াল ১৫।

প্রথমার্ধে কোনো দল গোল করতে পারেনি। তবে গোল না হওয়াকে ব্রাদার্সের দাপুটে প্রতিরোধ ভাবার সুযোগ ছিল না। ফর্টিস একের পর এক আক্রমণ করলেও প্রথম ৪৫ মিনিটে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। বিরতির পর সেই অপেক্ষার অবসান হয় দ্রুতই।

ম্যাচের ৫৬ মিনিটে ইব্রাহিমের গোলে এগিয়ে যায় ফর্টিস। ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইনসান। ৭৫ মিনিটে গাম্বিয়ার পা ওমর বাবুর গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০। ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ফর্টিসকে আরও এগিয়ে নেন তিনি।

৮৩ মিনিটে নাইজেরিয়ার স্টেফেন চুকুদু গোল করলে ব্যবধান হয় ৫-০। এরপর যোগ করা সময়ে রাফায়েল টুডুর গোলে ছয় গোলের জয় নিশ্চিত হয় ফর্টিসের। বিরতির পর মাত্র ৩৫ মিনিটের মধ্যে ছয়বার বল জালে পাঠিয়ে প্রতিপক্ষের অসহায়ত্ব আরও স্পষ্ট করে তোলে দলটি।

ম্যাচের পরিসংখ্যানেও দুই দলের পার্থক্য ছিল চোখে পড়ার মতো। ফর্টিস বলের দখল রেখেছে ৯৩ শতাংশ সময়, বিপরীতে ব্রাদার্সের দখলে ছিল মাত্র ৭ শতাংশ। প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে ফর্টিস শট নিয়েছে ২২টি, যার ১২টি ছিল লক্ষ্যে। সেখান থেকে ছয়টি শট জালে জড়ায়।

অন্যদিকে পুরো ৯০ মিনিটে ফর্টিসের পোস্ট লক্ষ্য করে একটি শটও নিতে পারেনি ব্রাদার্স। অর্থাৎ আক্রমণ, বল দখল ও গোলের সুযোগ—সব ক্ষেত্রেই ফর্টিসের সামনে পিছিয়ে ছিল গোপীবাগের ঐতিহ্যবাহী ক্লাবটি।

একসময় দেশের ফুটবলে মোহামেডান ও আবাহনীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার সামর্থ্য দেখানো ব্রাদার্স ইউনিয়নের বর্তমান অবস্থাও এ ম্যাচে স্পষ্ট হয়েছে। অন্যদিকে ফর্টিস শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে নিজেদের শক্তির জানান দিচ্ছে।

এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে ফর্টিস এফসি। তিন ম্যাচে ১৫ গোল করা দলটি মৌসুমের শুরুতেই শিরোপার লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: