
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত লাইব্রেরি অ্যাথেনিয়াম উদ্বোধন এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে সভাটির আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, ‘সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে—অভিভাবকদের খেয়াল রাখতে হবে।’ তিনি সন্তানদের চলাফেরা ও সঙ্গ সম্পর্কে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
অনুষ্ঠানে খন্দকার নাসিরুল ইসলামের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে বিভিন্ন ঐতিহাসিক ও মননশীল বই তুলে দেওয়া হয়। এর মধ্যে ছিল ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’, ‘জিয়াউর রহমান ও স্বাধীনতার ঘোষণা: একটি ত্রিমাত্রিক বিশ্লেষণ’, ‘রাষ্ট্রবিনির্মাণের রূপরেখা: তারেক রহমানের ৩১ দফা—একটি বিশ্লেষণ ও গবেষণা’, ‘তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা’ এবং ‘বেগম খালেদা জিয়া বিএনপি ও বাংলাদেশ’।
মতবিনিময় সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়।