অপরিচ্ছন্ন রান্নাঘর, লেবেলবিহীন ঘি সংরক্ষণ এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ অক্টোবর) মতিঝিলের ২২ নম্বর বাণিজ্যিক এলাকায় অবস্থিত হিরাঝিল হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে হোটেলটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। রান্নাঘরের মেঝে স্যাঁতসেঁতে ও অপরিষ্কার ছিল। পাশাপাশি ঢাকনাবিহীন অবস্থায় ময়লার পাত্র রাখা ছিল।
এ ছাড়া হোটেলটিতে কোনো ধরনের লেবেল ছাড়াই ঘি সংরক্ষণ ও ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। খাদ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় উপকরণ ব্যবহারের বিষয়েও অনিয়ম দেখতে পান অভিযান পরিচালনাকারীরা।
অভিযানকালে হোটেল কর্তৃপক্ষ পানি পরীক্ষার সনদ ও পেস্ট কন্ট্রোলের প্রমাণপত্রও দেখাতে ব্যর্থ হয়।
এসব অনিয়ম ও অপরাধের বিষয়ে হোটেল কর্তৃপক্ষ দোষ স্বীকার করলে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী তাদের ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়াসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।