
অটোরিকশার আধিক্যের কারণে রাজধানী ঢাকার স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। নগরীর সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে অটোরিকশাকে নির্দিষ্ট নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডি লেকের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
শেখ রবিউল আলম বলেন, ঢাকার যানজট ও সড়কে চলাচলের স্বাভাবিক গতি ধরে রাখতে অটোরিকশা চলাচলকে একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে আনতে হবে। এ লক্ষ্যে অটোরিকশাকে নীতিমালার আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
ধানমন্ডি লেকের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, পুনঃখনন ও সংস্কারকাজ শেষ হলে লেকটিতে আধুনিক বিভিন্ন সুযোগ-সুবিধা যুক্ত করা হবে। এর মাধ্যমে লেকের পরিবেশ ও আশপাশের এলাকার সৌন্দর্য আরও উন্নত হবে।
তিনি জানান, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী দুটি প্রকল্প অনুমোদন দিয়েছেন। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজধানীর পরিবেশগত উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
লেকের পরিবেশ রক্ষায় নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে শেখ রবিউল আলম বলেন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে সবাইকে বিরত থাকতে হবে। নিজের শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু সরকারের নয়, নগরবাসীকেও এ কাজে এগিয়ে আসতে হবে।
এ সময় রাজধানীর অন্যতম বড় সমস্যা হিসেবে জলাবদ্ধতার বিষয়টিও তুলে ধরেন সড়ক পরিবহন মন্ত্রী। বর্ষাকালে জলাবদ্ধতা কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, এ সমস্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩৫০ কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, নগরীর সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখা এবং জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট প্রকল্পগুলো বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।