
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে বৃহস্পতিবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেরামত কাজ চলাকালে নির্ধারিত এলাকাগুলোতে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
গ্যাস থাকবে না যেসব এলাকায়—আগারগাঁও, তালতলা পশ্চিমাংশ, শেওড়াপাড়া পশ্চিমাংশ, কাজীপাড়া পশ্চিমাংশ, মিরপুর-১০ পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফুট ও পীরের বাগ।
এ ছাড়া কল্যাণপুর থেকে মিরপুর-১ মুখী সড়কের ডান পাশের এলাকাতেও এ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেরামতকাজ চলাকালে নির্ধারিত এলাকার পাশাপাশি আশপাশের কিছু এলাকাতেও গ্যাসের চাপ কমে যেতে পারে। ফলে রান্নাবান্নাসহ বিভিন্ন দৈনন্দিন কাজে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
জরুরি পাইপলাইন মেরামতের কারণে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।