প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ১৪ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত ৪৬৯ জনের চূড়ান্ত তালিকায় বিশ্ববিদ্যালয়টির এসব শিক্ষার্থী স্থান পেয়েছেন।
ইউজিসির তালিকা অনুযায়ী, ২০১৯ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মাভাবিপ্রবি থেকে মনোনীত হয়েছেন চার শিক্ষার্থী। তারা হলেন—রসায়ন বিভাগের সুনতান রাজিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মাহমুদুল হাসান, অর্থনীতি বিভাগের মো. মমিনুল ইসলাম এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের শারমিন আক্তার।
২০২০ সালের জন্য মনোনীত পাঁচ শিক্ষার্থী হলেন—রসায়ন বিভাগের মো. রুহুল আমিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সুমাইয়া আক্তার মিতু, অর্থনীতি বিভাগের শাহিনুর আক্তার, বিএমবি বিভাগের মো. মজিবুল্লা এবং হিসাববিজ্ঞান বিভাগের রুনা আক্তার।
এ ছাড়া ২০২১ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন পাঁচ শিক্ষার্থী। তারা হলেন—রসায়ন বিভাগের নাজিয়া আহসান, সিএসই বিভাগের মো. রেজাউল করিম, অর্থনীতি বিভাগের লুপা আক্তার, ম্যানেজমেন্ট বিভাগের ফাহমিদা আক্তার এবং ফার্মেসি বিভাগের সাফিয়া আফরিন।
উচ্চশিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়। ইউজিসির উদ্যোগে ২০০৫ সাল থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কৃতি শিক্ষার্থীদের এ পদক দেওয়া হচ্ছে।