
সোমবার (৬ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (৪ অক্টোবর) রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর একটি দল সদর থানার লোহালিয়া নদীসংলগ্ন পালপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে ভারত থেকে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ২১ হাজার কেজি জিরা পাওয়া যায়। পরে জিরাসহ কার্গো বোটটি জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দ করা জিরা ও কার্গো বোট পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের জলসীমা ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।