সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই ছুটি কার্যকর হবে।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ২২ অক্টোবরের ছুটি অনুমোদনের প্রস্তাব দেওয়া হয়। বৈঠক শেষে নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে।
এর পরদিন ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলার কথা ছিল। তবে ওই দিনও ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।
২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় এই দুই দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে পূজার ছুটি যুক্ত হয়ে পাঁচ দিনের ছুটি তৈরি হচ্ছে।
মন্ত্রিসভার অনুমোদনের পর ২২ অক্টোবর ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।