ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে কর্মরত সাব-রেজিস্ট্রারদের বদলি এবার লটারির মাধ্যমে করা হবে। বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) এ লটারি অনুষ্ঠিত হবে।
রবিবার (৪ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে লটারির আয়োজন করা হবে। এতে আইনমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন।
লটারির মাধ্যমে দেশের বিভিন্ন জেলার সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত সাব-রেজিস্ট্রারদের মধ্য থেকে ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর নির্ধারিত পদে বদলি করা হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণ মানুষের সম্পত্তি নিবন্ধনসংক্রান্ত সেবা আরও সহজ, সুশৃঙ্খল ও হয়রানিমুক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সাব-রেজিস্ট্রি অফিসগুলোর কার্যক্রমে প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার ও শৃঙ্খলা নিশ্চিত করাও এ বদলি প্রক্রিয়ার অন্যতম লক্ষ্য।
লটারির মাধ্যমে বদলি কার্যক্রম চালুর ফলে সাব-রেজিস্ট্রারদের পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা আরও বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।