
সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি আলোচনা সভায় অংশ নেন।
প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার বিশ্বজুড়ে বিশ্ব বসতি দিবস পালিত হয়। দ্রুত নগরায়ণের প্রভাব, আবাসন সংকট এবং মানুষের মৌলিক অধিকার হিসেবে নিরাপদ ও সবার জন্য উপযোগী বাসস্থানের গুরুত্ব তুলে ধরাই দিবসটির অন্যতম লক্ষ্য।
এ বছরের প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’কে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় দেশের আবাসন ব্যবস্থা, নগর উন্নয়ন ও টেকসই নগর পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আলোচনা সভায় অংশ নিয়েছেন।