ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে হতাশ হতে হলো বাংলাদেশকে। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ।
জয়ের জন্য শেষ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল মাত্র ৩ রান। শেষ বলে দরকার পড়ে ২ রান। লিমানসা তিলকরত্নে সেই ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে অধিনায়ক সাদিয়া ইসলাম ২২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেন।
১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ১৩ রানে প্রথম উইকেট হারায় তারা। চতুর্থ ওভারের তৃতীয় বলে নেথমি উপেক্ষাকে ৪ রানে ফিরিয়ে দেন ফারজানা ইয়াসমিন।
এরপর সঞ্জনা কাভিন্দি ও বিমোক্ষা বালাসুরিয়া দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়ে ম্যাচে শ্রীলঙ্কাকে ফেরান। ১৩তম ওভারের শেষ বলে বালাসুরিয়াকে ২১ রানে বোল্ড করে জুটি ভাঙেন নিশিতা আক্তার নিশি।
এরপর দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। ১ উইকেটে ৭৫ রান থেকে তাদের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১১৮ রান। তখন ম্যাচের সমীকরণ দাঁড়ায় শেষ বলে ২ রান।
সেই কঠিন মুহূর্তে তিলকরত্নে ঠান্ডা মাথায় ২ রান নিয়ে শ্রীলঙ্কাকে জয় এনে দেন।
বাংলাদেশের হয়ে নিশিতা আক্তার নিশি ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন। ফারজানা ইয়াসমিন ও আফরিন মিম পান একটি করে উইকেট। শ্রীলঙ্কার মানুদি নানায়াক্কারা ১১ এবং প্রমুদি মেথসারা ৯ রানে রানআউট হন।
শ্রীলঙ্কার জয়ের নায়ক ওপেনার সঞ্জনা কাভিন্দি। ৪৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৮ রান করে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি।
এর আগে ২ অক্টোবর একই মাঠে পাকিস্তানকে ৩০ রানে হারিয়েছিল বাংলাদেশ। আগামীকাল ত্রিদেশীয় সিরিজে নিজেদের পরবর্তী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।