শেষবার মেসিকে বরণে প্রস্তুত এস্তাদিও মনুমেন্টাল

ক্রীড়া ডেস্ক

খেলা

আরও একবার জাতীয় দলের সতীর্থদের সঙ্গে অনুশীলনে নামলেন লিওনেল মেসি। তবে এবার দৃশ্যটা অন্য রকম। আর্জেন্টিনার জার্সিতে তাঁর ক্যারিয়ারের শেষ

2026-10-05T11:35:49+00:00
2026-10-05T11:35:49+00:00
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
খেলা
শেষবার মেসিকে বরণে প্রস্তুত এস্তাদিও মনুমেন্টাল
ক্রীড়া ডেস্ক
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:৩৫ এএম 
সংগৃহীত ছবি

আরও একবার জাতীয় দলের সতীর্থদের সঙ্গে অনুশীলনে নামলেন লিওনেল মেসি। তবে এবার দৃশ্যটা অন্য রকম। আর্জেন্টিনার জার্সিতে তাঁর ক্যারিয়ারের শেষ ম্যাচ সামনে রেখে এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়েছেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা।

বুধবার ভোরে বুয়েনস এইরেসের ঐতিহাসিক এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আর্জেন্টিনার হয়ে মাঠে নামার কথা ৩৯ বছর বয়সী মেসির। ম্যাচটিকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে বিদায়ের আবহ।

মেসিকে শেষবার জাতীয় দলের জার্সিতে দেখতে উন্মুখ আর্জেন্টাইন সমর্থকেরাও। প্রায় ৮৫ হাজার দর্শকের ধারণক্ষমতার মনুমেন্টালে ম্যাচটির সব টিকিট বিক্রি হয়ে গেছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ) আয়োজন করেছে বিশেষ বিদায়ী অনুষ্ঠান।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচ খেলেছেন মেসি, গোল করেছেন ১২৫টি। ২০০৫ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর দীর্ঘ পথচলায় তিনি আর্জেন্টিনাকে এনে দিয়েছেন বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফাইনালিসিমার শিরোপা। বেনিনের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে তাঁর ২০৮তম এবং শেষ আন্তর্জাতিক ম্যাচ।

মেসির বিদায়কে বিশেষ করে তুলতে প্রস্তুত এএফএ। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, জাতীয় দলের প্রতীক ও অধিনায়ককে দেশের মাটিতে প্রাপ্য সম্মান দিয়ে বিদায় জানাতেই এই আয়োজন।

শেষ ম্যাচে মেসির পাশে থাকার কথা জিওভানি লো সেলসো ও রদ্রিগো দে পলের। তবে পূর্ণ শক্তির দল পাচ্ছে না আর্জেন্টিনা। ক্লাবের অনুমতি না পাওয়ায় পাওলো দিবালা ও নাউয়েল মলিনা দলে যোগ দিতে পারেননি। আর ফিফার ১০ ম্যাচের নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না লিয়ান্দ্রো পারেদেস।

মেসির বিদায়ী ম্যাচ উপলক্ষে বিশেষ জার্সিও তৈরি করেছে আর্জেন্টিনা। জাতীয় পতাকার নকশার সঙ্গে এতে থাকছে ‘সান অব মে’ এবং ১০ নম্বরের চারপাশে লরেল পাতার অলংকরণ। দুই দশকেরও বেশি সময় ধরে যে জার্সি পরে তিনি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসকে বদলে দিয়েছেন, সেই জার্সিতেই এবার আসছে শেষ অধ্যায়।

জাতীয় দলের অধ্যায় শেষ হওয়ার পর মেসির ঠিকানা থাকবে ক্লাব ফুটবল। ইন্টার মায়ামির সঙ্গে তাঁর চুক্তি রয়েছে ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত।

তবে তার আগে মনুমেন্টালে এক রাতের জন্য সব আলো থাকবে একজনকে ঘিরেই—আর্জেন্টিনার ১০ নম্বর, অধিনায়ক এবং বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামার সেই মুহূর্তের সাক্ষী হতে প্রস্তুত প্রায় ৮৫ হাজার সমর্থক।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: