বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ম্যালিবংওয়ে মেকেতা। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেকেতার নিয়োগের বিষয়টি নিশ্চিত করে বিসিবি।
বিসিবি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়েই জাতীয় দলের কোচিং প্যানেলে যোগ দেবেন ৪৬ বছর বয়সী মেকেতা।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের লেভেল-৪ কোচিং ডিগ্রিধারী মেকেতার কোচিংয়ে রয়েছে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা। জাতীয় দল ছাড়াও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল, ন্যাশনাল একাডেমি এবং ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ওয়ারিয়র্সের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি।
২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় পুরুষ দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেন মেকেতা। ২০১৯ বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকার কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এ ছাড়া ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কয়েকটি উল্লেখযোগ্য টেস্ট ও ওয়ানডে সিরিজে কোচিং স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন।
উদীয়মান ক্রিকেটারদের গড়ে তোলার ক্ষেত্রেও অভিজ্ঞতা রয়েছে মেকেতার। দক্ষিণ আফ্রিকা ন্যাশনাল একাডেমি ও অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে কাজ করার পাশাপাশি সম্প্রতি তার অধীনে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল ‘সিএসএ ওয়ানডে কাপ ডিভিশন-২’ শিরোপা জেতে। তার কোচিংয়ে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দল আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালেও ওঠে।
বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেকেতা। তিনি বলেন, জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব নিতে পেরে তিনি আনন্দিত এবং আস্থার জন্য বিসিবির প্রতি কৃতজ্ঞ।
মেকেতা আরও বলেন, বাংলাদেশ একটি তরুণ ও সম্ভাবনাময় দল। প্রধান কোচ ফিল সিমন্স ও অন্য কোচিং স্টাফদের সঙ্গে সমন্বয় করে খেলোয়াড়দের সেরাটা বের করে আনা এবং তাদের ধারাবাহিক উন্নয়নে কাজ করতে চান তিনি।