
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে কমেছে ১ হাজার ৬৯১ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন খরচ হবে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (৫ অক্টোবর) নতুন এ মূল্য নির্ধারণ করেছে। সকাল ১০টা থেকেই সংশোধিত দাম কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের বাজারদর পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বাজার পরিস্থিতি পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। একইভাবে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।
তবে স্বর্ণের দাম কমলেও রুপার বাজারদরে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম আগের মতোই ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারিত রয়েছে।
বাজুস জানিয়েছে, সোমবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই স্বর্ণের নতুন দর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন দর কার্যকর হওয়ার ফলে দেশের বাজারে টানা মূল্য পরিবর্তনের ধারায় স্বর্ণের দাম আরও কিছুটা কমল।