দুর্গাপূজা উপলক্ষে দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকান রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
আগামী ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত দুই ঘণ্টা বাড়িয়ে দোকানপাট খোলা রাখার এই দাবি জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) পাঠানো ওই চিঠিতে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া স্বাক্ষর করেন।
চিঠিতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে মন্ত্রণালয়ের নির্দেশনায় বর্তমানে দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করা হচ্ছে। সংকটকালীন পরিস্থিতিতে ব্যবসায়ীরা জ্বালানি সাশ্রয়ে সহযোগিতা করে আসছেন।
তবে বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানি সংকটের কারণে দীর্ঘদিন ধরে বেচাকেনা কম থাকায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।
দোকান মালিক সমিতি জানিয়েছে, ঈদ ও পূজার মতো বড় উৎসবের আগে দোকান খোলা রাখার সময় বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন। এসব উৎসবকে কেন্দ্র করে সাধারণত বেচাকেনা বাড়ে। তাই দোকানপাট খোলা রাখার সময় বাড়ানো হলে ব্যবসায়ীরা বাড়তি বিক্রির সুযোগ পাবেন বলে মনে করছে তারা।
চিঠিতে আরও বলা হয়, বর্তমানে জ্বালানি সংকট ও বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতি আগের তুলনায় নিয়ন্ত্রণে এসেছে। এ অবস্থায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আর্থিক সংকট বিবেচনায় নিয়ে পূজা উপলক্ষে দোকান খোলার সময় বাড়ানোর অনুমতি দেওয়া উচিত।
সমিতির দাবি, উৎসবের সময়ে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দেওয়া হলে ব্যবসায়ীদের বেচাকেনা বাড়বে এবং চলমান আর্থিক চাপ কিছুটা কমবে।