নারায়ণগঞ্জ সদর থানার অটোরিকশাচালক জামাল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মনিরুল ইসলাম রঞ্জু ওরফে ‘গাল পোড়া রঞ্জু’ ওরফে মনিরুল হক রঞ্জুকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (৩ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ইদ্রাকপুর ফতুল্লা স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৩ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ সদর থানার চাষাঢ়া মোড় এলাকা থেকে অটোরিকশাচালক মো. জামালকে হত্যা করা হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মামলা নম্বর-১৬ (৭) ২০১১, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়।
মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নারায়ণগঞ্জের বিজ্ঞ দায়রা জজ ১ম আদালত আসামি মনিরুল ইসলাম রঞ্জু ওরফে ‘গাল পোড়া রঞ্জু’ ওরফে মনিরুল হক রঞ্জুকে মৃত্যুদণ্ড দেন। পরে তার বিরুদ্ধে সাজা ওয়ারেন্ট জারি করা হয়।
র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মোহিত কবীর জানান, গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রঞ্জুর অবস্থান শনাক্ত করা হয়। পরে র্যাব-১১, সিপিসি-১-এর একটি দল ফতুল্লার ইদ্রাকপুর ফতুল্লা স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রঞ্জুর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।