তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, খেলাধুলার সুযোগ বাড়ানো হলে ঝিমিয়ে পড়া খেলার মাঠগুলো আবারও প্রাণচাঞ্চল্যে ফিরবে।
শনিবার (৩ অক্টোবর) সকালে লালমনিরহাট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে সরকারের বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে খেলোয়াড়দের মাঠে ফিরিয়ে আনার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার ধারাবাহিকতায় বিভিন্ন ক্রীড়া আয়োজন করা হচ্ছে।
এরই অংশ হিসেবে লালমনিরহাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১০ অক্টোবর থেকে জেলায় এ টুর্নামেন্ট শুরু হবে বলে জানান মন্ত্রী। একই সঙ্গে গ্রামাঞ্চলে হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার পুনর্জাগরণেও উদ্যোগ নেওয়া হচ্ছে।
আসাদুল হাবিব দুলু বলেন, খেলাধুলার পরিসর বাড়ানোর পাশাপাশি তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। এতে মাদকাসক্তি ও কিশোর অপরাধ কমানোর পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে যেসব খেলার মাঠে প্রাণচাঞ্চল্য কমে গেছে, সেগুলোতে নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে আবারও খেলোয়াড় ও তরুণদের ফিরিয়ে আনার লক্ষ্য রয়েছে।
এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা বলছেন, মাঠে খেলাধুলার পরিবেশ তৈরি ও নিয়মিত টুর্নামেন্ট আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিকভাবে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভূমিকা রাখতে পারে।