হিমবাহ ধস ও ভয়াবহ পাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপালের দুর্গম এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে দেশে ফিরেছেন সাতকানিয়া-লোহাগাড়া টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও এনটিভির প্রতিনিধি শহীদুল ইসলাম বাবর। তাঁর সাহসী ও পেশাদার সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ দেশে ফেরার পর ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে সাংবাদিকদের সংগঠনটি।
নেপালের দুর্যোগকবলিত বিভিন্ন দুর্গম এলাকায় সরেজমিনে গিয়ে হিমবাহ ধস, পাহাড়ি ঢল, ব্যাপক ক্ষয়ক্ষতি, নিখোঁজদের উদ্ধার তৎপরতা এবং দুর্গত মানুষের দুর্ভোগের চিত্র সরাসরি তুলে ধরেন সাংবাদিক বাবর।
চরম প্রতিকূল পরিবেশ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও ঘটনাস্থলে উপস্থিত থেকে তথ্য সংগ্রহ এবং সেখানকার বাস্তব পরিস্থিতি সংবাদমাধ্যমে তুলে ধরেন তিনি। তাঁর প্রতিবেদনে দুর্যোগের ভয়াবহতা ও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশার চিত্র দর্শক ও পাঠকদের সামনে উঠে আসে।
সম্প্রতি নেপাল সফর শেষে দেশে ফেরার পর সাতকানিয়া-লোহাগাড়া টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় ফোরামের নেতৃবৃন্দ বলেন, প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও ঘটনাস্থলে উপস্থিত থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সাংবাদিকতার দায়িত্ববোধ ও পেশাগত সাহসিকতার পরিচয় বহন করে। নেপাল থেকে শহীদুল ইসলাম বাবরের করা প্রতিবেদনগুলো দুর্যোগের বাস্তব চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তারা আরও বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরাই সাংবাদিকতার মূল দায়িত্ব। ঝুঁকি উপেক্ষা করে ঘটনাস্থল থেকে সংবাদ পরিবেশনের মাধ্যমে বাবর পেশাদার সাংবাদিকতার প্রতি তাঁর দায়বদ্ধতার প্রমাণ দিয়েছেন।
সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তাঁর সাহসী সাংবাদিকতার প্রশংসা করা হয়। পাশাপাশি ভবিষ্যতেও দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ পরিবেশনের প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।