পটিয়া হাসপাতালকে মডেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনা

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক ও মডেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো.

2026-10-03T20:00:01+00:00
2026-10-03T20:00:01+00:00
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
পটিয়া হাসপাতালকে মডেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনা
পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৮:০০ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক ও মডেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (৩ অক্টোবর) আকস্মিক পরিদর্শনে এসে হাসপাতালের চিকিৎসাসেবা, জনবল, রোগী ব্যবস্থাপনা ও বিভিন্ন সংকটের বিষয়ে খোঁজ নেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। তাদের চিকিৎসাসেবা, ওষুধপত্র ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি শুধু পটিয়ার মানুষের চিকিৎসার ওপর নির্ভরশীল নয়; বৃহত্তর এলাকার গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র হিসেবেও এটি ব্যবহৃত হচ্ছে। পটিয়ার প্রায় সাত লাখ মানুষের পাশাপাশি বাঁশখালী, চন্দনাইশ, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার আরও প্রায় চার লাখ মানুষ এ হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নেন।

ফলে প্রতিদিনই এখানে রোগীর ব্যাপক চাপ থাকে। হাসপাতাল সূত্রে জানা যায়, বহির্বিভাগে প্রতিদিন এক হাজারের বেশি রোগী চিকিৎসা নেন। পাশাপাশি প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হন। এ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ জনবলসহ বিভিন্ন সংকটের কথা মন্ত্রীর কাছে তুলে ধরে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করে।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বর্তমানে দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব এলাকায় হাসপাতাল নেই, সেখানেও প্রয়োজন অনুযায়ী নতুন ১০১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে।

রোগীদের চিকিৎসাসেবা আরও সহজ ও কার্যকর করতে হাসপাতালেই ভর্তি রোগীদের প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করার ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। একই সঙ্গে রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন সরবরাহ নিশ্চিত এবং হাসপাতালের খাবারের মান উন্নত করার নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনের সময় চিকিৎসকদের উপস্থিতির বিষয়েও খোঁজ নেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শতভাগ চিকিৎসক উপস্থিত না থাকলেও অধিকাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত রয়েছেন।

এ ছাড়া হাসপাতালের বায়োমেডিক্যাল ব্যবস্থা, রোগীদের পরীক্ষা-নিরীক্ষা এবং ওষুধ ও স্যালাইন সরবরাহ পরিস্থিতি সম্পর্কেও মন্ত্রীকে অবহিত করা হয়।

এ সময় চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, হাসপাতালের উন্নয়নের বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। স্বাস্থ্যমন্ত্রী নিজে হাসপাতালে এসে এটিকে আধুনিক ও সুসজ্জিত করার কথা বলেছেন। এতে তারা আশাবাদী।

তিনি বলেন, পটিয়া একসময় মহকুমা ছিল। এ কারণে এ এলাকার প্রতি সরকারের বিশেষ দৃষ্টি রয়েছে। মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালটির উন্নয়নে কাজ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেন, স্বাস্থ্যমন্ত্রী আকস্মিকভাবে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। তিনি হাসপাতালের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের সঙ্গেও কথা বলেছেন।

পরিদর্শনকালে চট্টগ্রামের জেলা সিভিল সার্জন সাজেদুর রহমানসহ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: