বিতর্ক, নাম পরিবর্তন আর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তির পথে বলিউড সুপারস্টার সালমান খানের যুদ্ধভিত্তিক সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। একাধিক সরকারি পর্যায়ের পর্যবেক্ষণ ও সংশোধনের পর ছবিটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এনওসি পেয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
২০২০ সালের ভারত-চীন গালওয়ান উপত্যকার সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। শুরুতে ছবিটির নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। তবে ছবির বিষয়বস্তু ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সংবেদনশীলতার কারণে দীর্ঘদিন সিনেমাটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা ছিল।
ছবিটির নির্মাণপর্বে প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যবেক্ষণের পর চিত্রনাট্যে বেশ কিছু পরিবর্তন আনা হয়। পাশাপাশি কয়েকটি দৃশ্য নতুন করে শুট করা হয়েছে বলে জানা গেছে।
সরকারি পর্যবেক্ষণের পর নতুন সংস্করণে ভারত-চীন সম্পর্কের সংঘাতের পাশাপাশি শান্তি ও ইতিবাচক সম্পর্কের দিককে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আগের সংস্করণে থাকা কিছু চীনবিরোধী বক্তব্য ও উপস্থাপনাতেও পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
পরিবর্তিত সংস্করণ পর্যালোচনার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এরপরই ছবিটির মুক্তির পথ অনেকটাই পরিষ্কার হয়েছে।
সালমান খান অভিনীত সিনেমাটি আগামী ১৩ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছে নির্মাতা দল। দীপাবলির উৎসবকে ঘিরে বড় পরিসরে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে।
তবে প্রেক্ষাগৃহে মুক্তির আগে আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ বাকি। সিনেমাটি খুব শিগগির সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর কাছে জমা দেওয়া হবে। চলতি মাসের মধ্যে সেন্সর ছাড়পত্র পাওয়া গেলে নভেম্বরের মাঝামাঝি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।
দীর্ঘ অপেক্ষা ও নানা পরিবর্তনের পর শেষ পর্যন্ত ‘মাতৃভূমি’ বড় পর্দায় কেমন সাড়া ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা।