
শনিবার (৩ অক্টোবর) দুপুরে দিনাজপুর সরকারি কলেজের হলরুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিযোগিতাটি বাস্তবায়ন করছে দিনাজপুর সরকারি কলেজ।
মন্ত্রী বলেন, বিএনপি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করলে ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৯১ সালে ক্ষমতায় এসে প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল। কিন্তু দলটি তা করেনি।
তিনি আরও বলেন, গত ২০ বছর যারা ক্ষমতায় ছিলেন, তারা দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন চাননি। কারণ, দেশের মানুষের ওপর তাদের আস্থা ছিল না। তাদের আস্থা ছিল নিজেদের ‘মুরুব্বিদের’ ওপর। তাদের ধারণা ছিল, মুরুব্বিরা যত দিন ক্ষমতায় রাখতে পারবেন, তত দিনই ক্ষমতায় থাকা সম্ভব।
মন্ত্রী বলেন, ৫ আগস্টের পর সেই মুরুব্বিরাও তাদের ক্ষমতায় টিকিয়ে রাখতে পারেননি। পরে তারা আবার সেই মুরুব্বিদের কাছেই আশ্রয় নিয়েছেন। জনগণের ভোটে নির্বাচিত নয়—এমন সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা থাকে না বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, পুলিশ সুপার মো. জেদান আল মুসা এবং দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন কলেজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।