মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর বেউথা ঘাটে বসছে ঐতিহ্যবাহী নৌকাবাইচের আসর। প্রতিযোগিতায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এরই মধ্যে নৌকা এসে জড়ো হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামের রৌমারী থেকে প্রায় তিন দিনের নদীপথ পাড়ি দিয়ে আসা বিশাল বাইচের নৌকা ‘মায়ের দোয়া’ ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
আগামী শনিবার (৩ অক্টোবর) বেউথা ঘাটে অনুষ্ঠিত হবে এই নৌকাবাইচ। গত ৩০ সেপ্টেম্বর সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচর গ্রাম থেকে ‘মায়ের দোয়া’ নিয়ে যাত্রা শুরু করেন মাঝি-মাল্লারা। ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদ-নদী পাড়ি দিয়ে প্রায় তিন দিন পর তারা পৌঁছান মানিকগঞ্জের বেউথা ঘাটে।
‘মায়ের দোয়া’র পরিচালক মজিবুর রহমান জানান, নৌকাটি তৈরি করতে প্রায় এক বছর সময় লেগেছে। ভারতের শাল কাঠ দিয়ে এটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ছয় লাখ টাকা। এবারের প্রতিযোগিতাই নৌকাটির প্রথম বাইচ।
তিনি বলেন, প্রথমবারের প্রতিযোগিতাতেই জয় পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী।
অংশ নিচ্ছে ২২ নৌকা
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের নৌকাবাইচে কুড়িগ্রামের রৌমারী, টাঙ্গাইলের নাগরপুর, পাবনার সাঁথিয়া ও মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার মোট ২২টি নৌকা অংশ নেবে।
চারটি ক্যাটাগরিতে হবে প্রতিযোগিতা। এর মধ্যে খেল্লা-গয়ইটা ক্যাটাগরিতে ১০টি, ঘাসি-ছিপা ৫টি, ছান্দি ৪টি এবং পানসি ৩টি নৌকা রয়েছে। পাশাপাশি ৭০ ও ৮০ হাত দীর্ঘ দুটি কলাগাছের ভেলাও অংশ নেবে।
নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য-সচিব মাসুদ পারভেজ জানান, শনিবার সকাল ১০টায় ঘোষণা মঞ্চ থেকে অংশগ্রহণকারী নৌকার প্রতিনিধিদের হাতে টোকেন তুলে দেওয়া হবে। দুপুর ১২টায় শুরু হবে ঘাসি ও খেল্লা নৌকার বাছাইপর্ব। ছান্দি ও পানসি নৌকা সরাসরি মূল প্রতিযোগিতায় অংশ নেবে।
পুরস্কারে থাকছে মোটরসাইকেল, ইলেকট্রিক বাইক ও ফ্রিজ
প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোর জন্য থাকছে বিশেষ পুরস্কার। খেল্লা-গয়ইটা ও ঘাসি-ছিপা ক্যাটাগরির প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে ১০০ সিসি মোটরসাইকেল। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে যথাক্রমে ১৬ সিএফটি ও ১১ সিএফটি ফ্রিজ।
ছান্দি ও পানসি নৌকা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে দুটি ইলেকট্রিক বাইক। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হবে ১৬ সিএফটি ও ১১ সিএফটি ফ্রিজ। প্রতিটি অংশগ্রহণকারী নৌকার জন্যও থাকছে পিতলের কাপ।
এ ছাড়া ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকা ও ব্যক্তিদের জন্য টেলিভিশন, প্রেসার কুকার, রাইস কুকারসহ বিভিন্ন পুরস্কার রাখা হয়েছে।
নদীর দুই পাড়ে উৎসবের আমেজ
আয়োজকদের প্রত্যাশা, নৌকাবাইচকে কেন্দ্র করে কালীগঙ্গা নদীর দুই পাড়ে তৈরি হবে উৎসবের আবহ। দূরদূরান্ত থেকে আসা নৌকা, মাঝি-মাল্লা ও দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠবে বেউথা ঘাট। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে বিপুল দর্শকের সমাগম হবে বলে আশা করছেন তারা।
জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিতব্য এ নৌকাবাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, খাদ্যমন্ত্রী ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার। বিশেষ অতিথি হিসেবে থাকার কথা রয়েছে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের।
নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আ ত ম জহির আলম খান লোদীর সভাপতিত্বে এবং সদস্য-সচিব মাসুদ পারভেজের পরিচালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।