দিনাজপুরের বিরামপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে প্রাণ হারিয়েছে দুই কন্যাশিশু। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—উত্তর কাটলা গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে মেহজাবিন আক্তার (২) এবং একই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তাহিয়া জান্নাত হুজাইফা (৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে খেলছিল মেহজাবিন ও তাহিয়া। খেলাধুলার একপর্যায়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে তারা প্রতিবেশী রহমত আলীর একটি ডোবায় পড়ে যায়।
কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা ডোবার পানিতে তাদের ভাসতে দেখে উদ্ধার করেন।
ঘটনাস্থলেই মেহজাবিন আক্তারের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় তাহিয়া জান্নাত হুজাইফাকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই দিনে একই গ্রামের দুই শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে উত্তর কাটলা গ্রামের পরিবেশ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি আরও বলেন, বাড়ির আশপাশে থাকা ডোবা, পুকুর ও অন্যান্য জলাশয়ের বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। শিশুদের প্রতি সার্বক্ষণিক নজর রাখলে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব।
স্থানীয় বাসিন্দারা জানান, বসতবাড়ির আশপাশে থাকা অরক্ষিত ডোবা ও পুকুরগুলো শিশুদের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। এসব জলাশয়ের চারপাশে নিরাপত্তাবেষ্টনীসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং শিশুদের ওপর বাড়তি নজরদারি জরুরি।