এআই-সেমিকন্ডাক্টর-রোবটিক্স গবেষণায় তরুণদের পাশে সরকার

নিজস্ব প্রতিবেদক

তথ্যপ্রযুক্তি

দেশীয় উদ্ভাবন ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে তরুণ প্রযুক্তিবিদদের এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্স গবেষণায় নীতিগত সহায়তার আশ্বাস দিয়েছে সরকার। একই সঙ্গে

2026-09-30T22:19:32+00:00
2026-09-30T22:19:32+00:00
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
তথ্যপ্রযুক্তি
এআই-সেমিকন্ডাক্টর-রোবটিক্স গবেষণায় তরুণদের পাশে সরকার
নিজস্ব প্রতিবেদক
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৯ পিএম 
সংগৃহীত ছবি

দেশীয় উদ্ভাবন ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে তরুণ প্রযুক্তিবিদদের এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্স গবেষণায় নীতিগত সহায়তার আশ্বাস দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের বাস্তব চাহিদা বিবেচনায় নিজস্ব এআই টুল, প্ল্যাটফর্ম ও ডেটাসেট তৈরিতে তরুণদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) মিলনায়তনে ‘নিপ্পন এআই ডো জো ২০২৬’-এর প্রকল্প উপস্থাপন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, বিশ্বমানের প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি দেশের নিজস্ব বাস্তব চাহিদা অনুযায়ী এআই প্ল্যাটফর্ম, ডেটাসেট ও প্রোগ্রামিং তৈরিতে তরুণ প্রযুক্তিবিদদের গবেষণার গভীরতা ও দক্ষতা দেখাতে হবে। সরকার নীতিগত সহায়তা দেবে; তবে কোন কোন ক্ষেত্রে এআইয়ের কার্যকর প্রয়োগ সম্ভব এবং কীভাবে তা বাস্তবায়ন করা যায়, সেই পথনকশা প্রযুক্তি বিশেষজ্ঞদেরই তৈরি করতে হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, এআই এখন আর শুধু গবেষণাগারে সীমাবদ্ধ নেই। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, ম্যানুফ্যাকচারিং ও ফ্রিল্যান্সিংসহ অর্থনীতির বিভিন্ন খাতে এ প্রযুক্তি বড় পরিবর্তন আনছে। বিশেষ করে কৃষি ও স্বাস্থ্যসেবায় প্রযুক্তিগত ঘাটতি পূরণে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে দেশের অবকাঠামোগত সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, বিদেশি এআই টুল ব্যবহারে দক্ষতা অর্জনই যথেষ্ট নয়; বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী নিজস্ব টুল, প্ল্যাটফর্ম ও ডেটাসেট তৈরি করতে হবে। এ ক্ষেত্রে পর্যাপ্ত বিদ্যুৎ, জিপিইউ ব্যবহারের সক্ষমতা এবং সমৃদ্ধ বাংলা ডেটাসেটের ঘাটতি বড় চ্যালেঞ্জ।

তরুণ প্রযুক্তিবিদদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বিদ্যুৎ ও প্রাকৃতিক সম্পদের কার্যকর ব্যবহারের ওপরও জোর দেন।

অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় জাপানের উন্নয়ন সহযোগিতার প্রশংসা করেন। তিনি ‘নিপ্পন এআই ডো জো ২০২৬’-কে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

ইউএপি, জাপানের চোয়া জিকেন কর্পোরেশন ও এআই সামুরাই জাপানের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর যুব দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী সাইয়েদ আবদুল্লাহ, ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আবু সাঈদ এম. আহমেদ এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মজিবুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাইয়ুম রেজা চৌধুরী।

সমাপনী পর্বে ইউএপি, ব্র্যাক ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে বিভিন্ন বাস্তবমুখী এআই প্রকল্পের ব্যবহারিক প্রয়োগ তুলে ধরেন। পরে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, জাপানের কূটনৈতিক প্রতিনিধি এবং শিল্পখাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



Loading...
Loading...

তথ্যপ্রযুক্তি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: