নেত্রকোনায় খেলনা ও বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নেত্রকোনা সদর উপজেলার বনোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম হাদিস মিয়া (৪০)। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, পৌর শহরের বনোয়াপাড়া গ্রামের সাইদুল ইসলাম ও মমতা বেগমের পাঁচ বছরের ছেলে তামিম বাড়ির সামনের একটি খালি জায়গায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় হাদিস মিয়া সেখানে গিয়ে বিভিন্ন ধরনের খেলনা ও বিস্কুট দেখিয়ে শিশুটিকে তার সঙ্গে যাওয়ার জন্য প্রলুব্ধ করেন বলে অভিযোগ ওঠে।
তামিমের সঙ্গে খেলতে থাকা আরেক শিশু বিষয়টি দেখতে পেয়ে দৌড়ে তার দাদা ও মাকে জানায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাদিস মিয়াকে তামিমের সঙ্গে দেখতে পান। তারা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাদিস মিয়াকে হেফাজতে নেয়। এর আগে স্থানীয় লোকজনের মারধরে তিনি আহত হন। পরে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে থানায় নেওয়া হয়েছে।
শিশুটির মা মমতা বেগম বলেন, তার ছেলে বাড়ির পাশের খালি জায়গায় অন্য একটি শিশুর সঙ্গে খেলছিল। এ সময় ওই ব্যক্তি অনেকগুলো খেলনা ও বিস্কুট দেখিয়ে ছেলেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। অন্য একটি শিশু বিষয়টি দেখে তাদের জানায়। পরে তারা গিয়ে ওই ব্যক্তিকে আটক করেন।
তিনি বলেন, বাড়ির সামনেও যদি শিশুরা নিরাপদে খেলতে না পারে, তাহলে সন্তানদের কোথায় রাখা হবে? তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, স্থানীয় লোকজন হাদিস মিয়াকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন। প্রাথমিকভাবে তার সঙ্গে কথা বলে কিছুটা মানসিক সমস্যার কথা মনে হয়েছে। তবে শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
ওসি বলেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।