টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার পর নিগার সুলতানা জ্যোতির ওয়ানডে নেতৃত্ব নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। অস্ট্রেলিয়া সফরের আগে নতুন অধিনায়ক আসার গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডেতে জ্যোতির ওপরই আস্থা রাখছে বোর্ড।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। ওই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন জ্যোতিই। ২০২১ সাল থেকে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি।
এশিয়ান গেমস চলাকালে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে জ্যোতির সরে দাঁড়ানোর ঘটনায় বিসিবিতে অস্বস্তি তৈরি হয়েছিল। এরপরই প্রশ্ন ওঠে, ওয়ানডেতেও কি তার নেতৃত্বের ইতি ঘটতে যাচ্ছে? অস্ট্রেলিয়া সফরের আগে সেই আলোচনা আরও জোরালো হয়।
তবে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিসিবি কার্যালয়ে নারী ক্রিকেটারদের সঙ্গে বোর্ড সভাপতি তামিম ইকবাল ও নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুর বৈঠকের পর বিষয়টি পরিষ্কার হয়।
বৈঠক শেষে জ্যোতির ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে রফিকুল ইসলাম বাবু বলেন, ‘বৈঠকের সময় আমি বলেছি তুমি (জ্যোতি) অধিনায়কই থাকছো এবং অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়া যাবে।’
অর্থাৎ টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়লেও ওয়ানডেতে জ্যোতির নেতৃত্ব নিয়ে আপাতত কোনো পরিবর্তন আনছে না বিসিবি।
এদিকে নারী দলের সিনিয়র কোচ সারওয়ার ইমরানের সাম্প্রতিক মন্তব্য নিয়েও বৈঠকের পর কথা বলেন রফিকুল ইসলাম। তিনি জানান, ওই মন্তব্যের জন্য কোচকে কোনো শোকজ নোটিশ দিচ্ছে না বোর্ড। তবে এশিয়ান গেমসে বাংলাদেশের অভিযান শেষে অধিনায়কত্ব ও কোচিং পরিস্থিতি নিয়ে ইমরানের মন্তব্যকে ‘অনুপযুক্ত’ বলে মনে করছে বিসিবি।
এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক হাতছাড়া হওয়ার পর বাংলাদেশ নারী দলের পরিস্থিতি, অধিনায়কত্ব ও কোচিং নিয়ে বোর্ডের সমালোচনা করেছিলেন সারওয়ার ইমরান।
রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের কোচ কিছু অবিবেচক মন্তব্য করেছেন, যেগুলো কেউই শুনতে চায়নি। আমার মনে হয়, ওই মন্তব্য করার সময় তিনি আচরণবিধির কিছুটা সীমা অতিক্রম করেছেন। তিনি যেহেতু বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ, তাই এ ধরনের মন্তব্য করা তার উচিত নয়।’
তিনি আরও বলেন, ‘আমরা কোনো শোকজ নোটিশ দেইনি। তিনি অনেক সিনিয়র একজন কোচ, তার কাছ থেকে আমরা এটা আশা করিনি। ক্রিকেট বোর্ডের অধীনে কাজ করা সিনিয়র কোচদের মধ্যে তিনি অন্যতম। তাই তার কাছ থেকে এমনটা প্রত্যাশা করিনি। আমি গণমাধ্যমেও বলেছি, তিনি ভুল করেছেন, গুরুতর ভুল।’
এদিকে অস্ট্রেলিয়া সফর সামনে রেখে ওয়ানডে অধিনায়ক হিসেবে জ্যোতির দায়িত্ব বহাল রাখার সিদ্ধান্তে তার নেতৃত্ব নিয়ে তৈরি হওয়া সাম্প্রতিক গুঞ্জনেরও আপাতত অবসান হলো।