
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ৩৫ মিনিটে রায়ান স্টুয়ার্টের হেডে করা গোলে ১–০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে সিঙ্গাপুর।
ম্যাচের শুরুটা অবশ্য বেশ ইতিবাচক ছিল বাংলাদেশের। প্রথম ১৫ মিনিটে আক্রমণে তুলনামূলক বেশি সক্রিয় ছিল জামাল ভূঁইয়ার দল। দ্বিতীয় মিনিটেই কর্নার পায় বাংলাদেশ। সেটি নেন জামাল, তবে তাঁর বাড়ানো বলে বক্সে পৌঁছাতে পারেননি সতীর্থরা।
৬ মিনিটে হলুদ কার্ড দেখেন শমিত সোম। সিঙ্গাপুরের জুলকিফলিকে পেছন থেকে টেনে ধরায় রেফারি তাঁকে সতর্ক করেন।
এরপর ধীরে ধীরে ম্যাচে ফেরে সিঙ্গাপুর। ১৬ মিনিটে ইলহান ফান্দির শট ঠেকিয়ে বাংলাদেশকে রক্ষা করেন গোলরক্ষক মেহেদী হাসান। ওই আক্রমণ থেকেই টানা দুটি কর্নার পায় সিঙ্গাপুর।
৩০ মিনিটের কুলিং ব্রেক পর্যন্ত গোলশূন্য ছিল ম্যাচ। কিন্তু বিরতির আগে হঠাৎ করেই চাপ বাড়ায় সিঙ্গাপুর।
৩৩ মিনিটে বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পায় তারা। দুর্দান্ত সেভে গোল ঠেকান মেহেদী হাসান। দুই মিনিট পর অবশ্য আর রক্ষা হয়নি। ডান দিক থেকে আসা ক্রসে হেড করে বল জালে পাঠান রায়ান স্টুয়ার্ট।
গোলের পর আরও চাপে পড়ে বাংলাদেশ। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগও তৈরি করে সিঙ্গাপুর। ডান দিক থেকে নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে।
ফলে প্রথমার্ধ শেষে বাংলাদেশ ০–১ সিঙ্গাপুর। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরার চ্যালেঞ্জ এখন জামাল-হামজাদের সামনে।