বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এ চালু করা হয়েছে চীনা ভাষা শিক্ষা সেন্টার। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিকেএসপির প্রশিক্ষণার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং ভাষাগত প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার সকালে বিকেএসপির অডিও ভিজ্যুয়াল সেন্টারে ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এবং চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের পার্টি সেক্রেটারি রুয়ান চাওচি (RUAN Chaoqi)। এ সময় ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল এবং বিকেএসপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানের পর বিকেএসপির প্রশিক্ষণার্থী ও সেখানে ক্রিকেট প্রশিক্ষণরত চীনা প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে চীনা প্রতিনিধি দল বিকেএসপির কলেজ শাখায় স্থাপিত ল্যাঙ্গুয়েজ ল্যাব, ইনডোর ক্রিকেট সেন্টার ও তাইচি সেন্টার পরিদর্শন করেন।
এর আগে প্রতিনিধি দলটি বিকেএসপির মহাপরিচালকের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেয়। সভায় দুই প্রতিষ্ঠানের মধ্যে চলমান ক্রীড়া ও শিক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
২০২৪ সালে বিকেএসপি ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া ও শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বিকেএসপিতে তাইচি সেন্টার স্থাপন, প্রশিক্ষণার্থীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে এক্সচেঞ্জ ট্রেনিং কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি বিকেএসপির পক্ষ থেকে ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রিকেট প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
বিকেএসপি সূত্রে জানা গেছে, বর্তমানে তিনজন চীনা ভাষা প্রশিক্ষকের অধীনে প্রথম ব্যাচে ৬০ জন প্রশিক্ষণার্থী চীনা ভাষা শিখছেন। এছাড়া বিকেএসপির ১০ জন সাবেক প্রশিক্ষার্থী বর্তমানে চীনে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।
বিকেএসপি কর্তৃপক্ষ আশা করছে, চীনা ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক প্রশিক্ষণার্থীর চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণ করা সম্ভব হবে। একই সঙ্গে দুই দেশের ক্রীড়া ও শিক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাও আরও জোরদার হবে।