কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

ক্রীড়া ডেস্ক

খেলা

এশিয়ান গেমসের ক্রিকেটে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ হিসেবে মালয়েশিয়াকে পেয়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে

2026-09-26T17:32:48+00:00
2026-09-26T17:32:48+00:00
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
খেলা
এশিয়ান গেমস
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া
ক্রীড়া ডেস্ক
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩২ পিএম 
এশিয়ান গেমস খেলতে জাপানে আছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে বড় স্বপ্নের কথা জানিয়ে গিয়েছিলেন অধিনায়ক। সেই লক্ষ্যের প্রথম বাধা হিসেবে লিটন শান্তদের সামনে মালেশিয়া। -বিসিবি
এশিয়ান গেমসের ক্রিকেটে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ হিসেবে মালয়েশিয়াকে পেয়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া। ফলে আগামী মঙ্গলবার শেষ আটের লড়াইয়ে দলটির মুখোমুখি হবে লিটন দাসের বাংলাদেশ।

জাপানের নিশিনেতে আজ মালয়েশিয়া ও ওমানের ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি ম্যাচটি। এমনকি টসও করা সম্ভব হয়নি। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হলে দুই দলকে এক পয়েন্ট করে দেওয়া হয়।

এতে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠে মালয়েশিয়া। দুই পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে হংকং। এক পয়েন্ট পাওয়া ওমানের বিদায় নিশ্চিত হয়েছে গ্রুপ পর্বেই।

‘এ’ গ্রুপের শেষ ম্যাচেও বৃষ্টির প্রভাব পড়েছে। নেপাল ও স্বাগতিক জাপানের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে নেপাল। দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আফগানিস্তান। স্বাগতিক জাপানের এশিয়ান গেমস অভিযান শেষ হয়েছে গ্রুপ পর্বেই।

শেষ আটে নেপালের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর আফগানিস্তানের সঙ্গে খেলবে ভারত। আইসিসি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান।

আগামী সোমবার শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই। প্রথম ম্যাচে বাংলাদেশ সময় সকাল ৬টায় পাকিস্তানের মুখোমুখি হবে হংকং। একই দিন বেলা ১১টায় মাঠে নামবে ভারত ও আফগানিস্তান।

বাংলাদেশের ম্যাচ মঙ্গলবার। বেলা ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে খেলবে লিটনের দল। একই দিন সকাল ৬টায় মুখোমুখি হবে নেপাল ও শ্রীলঙ্কা।

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের অতীত অভিজ্ঞতাও রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে দুই দল। ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

সাম্প্রতিক সময়েও বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে পরিচিত হয়েছে মালয়েশিয়া। বাংলাদেশ সফরে এসে হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে সিরিজ খেলেছে তারা। এবার এশিয়ান গেমসের শেষ আটে জাতীয় দলের বিপক্ষে সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চাইবে মালয়েশিয়া।

অন্যদিকে বাংলাদেশ চাইবে আগের আসরের সেই সাফল্যের পুনরাবৃত্তি করে এবারও সেমিফাইনালে জায়গা করে নিতে। পদকের লড়াইয়ে টিকে থাকতে কোয়ার্টার ফাইনালে তাই মালয়েশিয়ার বিপক্ষে জয়ই হবে লিটনদের প্রধান লক্ষ্য।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: