জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচেই লাল-সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে ইংলিশ-বাংলাদেশি তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদের।
শুক্রবার বেলা ৩টায় শুরু হতে যাওয়া ম্যাচে বাংলাদেশের গোলবার সামলাবেন মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগে রয়েছেন সাদ উদ্দিন, তারিক কাজী, জায়ান আহমেদ ও শাকিল আহাদ তপু।
মাঝমাঠের দায়িত্বে থাকছেন হামজা চৌধুরী, শমিত সোম ও সোহেল রানা সিনিয়র। আক্রমণভাগে অভিষিক্ত ফারহান আলী ওয়াহিদের সঙ্গে রয়েছেন ফাহমিদুল ইসলাম ও রাকিব হোসেন।
১৯ বছর বয়সী ফারহান মূলত লেফট উইঙ্গার কিংবা ফরোয়ার্ড হিসেবে খেলেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের খেলোয়াড় তিনি। বর্তমানে ইংল্যান্ডের ন্যাশনাল লিগের দল বোরহ্যাম উড এফসিতে ধারে খেলছেন এই তরুণ।
কোচ থমাস ডুলির পরিকল্পনায় বাংলাদেশকে ৪-২-১-২-১ ছকে খেলতে দেখা যেতে পারে। এ ক্ষেত্রে রাকিব হোসেন থাকবেন মূল স্ট্রাইকার বা ‘নাম্বার নাইন’ হিসেবে। দুই উইংয়ে খেলবেন ফারহান ও ফাহমিদুল। তাদের পেছনে শমিত সোমকে রেখে মাঝমাঠ সামলাবেন হামজা চৌধুরী ও সোহেল রানা সিনিয়র।
ফিফা আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে চার দলের মধ্যে বাংলাদেশই পিছিয়ে। ইন্দোনেশিয়া ১১৮তম, মালয়েশিয়া ১৩৬তম এবং সিঙ্গাপুর ১৪৮তম অবস্থানে রয়েছে; বাংলাদেশের অবস্থান ১৮১তম।
তবে র্যাঙ্কিংয়ের ব্যবধানকে পাশে রেখে মাঠের লড়াইয়ে নিজেদের সামর্থ্য প্রমাণের লক্ষ্য নিয়েই মালয়েশিয়ার বিপক্ষে নামছে বাংলাদেশ। ম্যাচটির বাড়তি আকর্ষণ হয়ে থাকছেন অভিষেকের অপেক্ষায় থাকা ১৯ বছর বয়সী ফারহান।
মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ:
মেহেদী হাসান শ্রাবণ, সাদ উদ্দিন, তারিক কাজী, জায়ান আহমেদ, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, শমিত সোম, সোহেল রানা সিনিয়র, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন ও ফাহমিদুল ইসলাম।