
ফ্রি-কিক মানেই যেন লিওনেল মেসির জন্য আলাদা এক মঞ্চ। দূরত্ব কিংবা কোণ—কোনোটিই যেন তাঁকে থামাতে পারে না। এবারও তার ব্যতিক্রম হলো না। কলম্বাস ক্রুর বিপক্ষে প্রায় অসম্ভব এক জায়গা থেকে বাঁকানো শটে গোল করে মুগ্ধতা ছড়ালেন আর্জেন্টাইন মহাতারকা। গোলটি দেখে ধারাভাষ্যকারের মুখ থেকেও বেরিয়ে এলো, ‘ও মাই গুডনেস!’
মেজর লিগ সকারের ম্যাচে ডান প্রান্তে বক্সের বাইরে, কর্নার পতাকার কাছাকাছি জায়গা থেকে ফ্রি-কিক পেয়েছিল ইন্টার মায়ামি। মাঠের প্রায় সবাই যখন ক্রসে বল আসার অপেক্ষায়, তখন সরাসরি গোলের চেষ্টা করেন মেসি। বাঁ পায়ের নিখুঁত শটে বল বাঁক নিয়ে কলম্বাসের গোলরক্ষক প্যাট্রিক শুল্টের বাড়ানো দুই হাত এড়িয়ে দূরের ওপরের কোণে জড়িয়ে যায়।
৩৩ মিনিটের সেই গোলেই ১-১ সমতায় ফেরে মায়ামি। মেসির দুর্দান্ত শট দেখে অ্যাপল টিভির ধারাভাষ্যকার টেলর টোয়েলম্যান বিস্ময়ে বলে ওঠেন, ‘ও মাই গুডনেস!’
এটি ছিল মেসির ক্যারিয়ারের ৭৬তম ফ্রি-কিক গোল। ইন্টার মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর ফ্রি-কিক গোল এখন ১২টি, যার ছয়টিই এসেছে চলতি মৌসুমে। এবারের এমএলএসে মেসির গোলসংখ্যাও দাঁড়িয়েছে ২১-এ।
তবে মেসির ব্যক্তিগত নৈপুণ্য মায়ামিকে শেষ পর্যন্ত হার থেকে বাঁচাতে পারেনি। ম্যাচের যোগ করা সময়ের অষ্টম মিনিটে জামাল থিয়ারে গোল করে কলম্বাসকে ২-১ ব্যবধানে জয় এনে দেন। এর আগে মায়ামির সান্তিয়াগো মোরালেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
এই হারে ইস্টার্ন কনফারেন্সে আরও পিছিয়েছে মায়ামি। ২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে তারা।
কলম্বাসের বিপক্ষে ম্যাচটিই ছিল আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলতে যাওয়ার আগে ক্লাব ফুটবলে মেসির শেষ ম্যাচ। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামার কথা রয়েছে তাঁর।