দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ। একই সময়ে ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত দেশের ডেঙ্গু পরিস্থিতির তথ্য তুলে ধরা হয়েছে।
নতুন ছয় মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৫ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২৭ দিনেই মারা গেছেন ১২৮ জন, যা চলতি বছরে কোনো এক মাসে সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও খুলনা বিভাগে দুজন করে এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে নতুন ২ হাজার ১৫৮ জনসহ চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৬৯৪ জনে। তাদের মধ্যে ইতোমধ্যে ৬৮ হাজার ৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৫৫ জন।
মাসভিত্তিক হিসাবেও সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াবহতা স্পষ্ট হয়ে উঠেছে। চলতি মাসের ২৭ দিনেই ১২৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬ এবং জুনে ১৩ জন মারা যান। মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল।
এক দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা নতুন রেকর্ড হওয়ায় সেপ্টেম্বরের শেষ দিকে দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।